কলকাতাঃ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহানায়ক উত্তমকুমারের মৃত্যুদিনে তাঁকে সম্মান জানাল রাজ্যবাসী৷ তাঁর প্রয়াণ দিবসেই তাঁর নামাঙ্কিত সম্মান আজ, বৃহস্পতিবার কৃতীদের হাতে তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবছর ‘মহানায়ক উত্তমকুমার' সম্মান পেয়েছেন সাংসদ তারকা দেব ও প্রবীণ অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়৷ মহানায়িকা সুচিত্রা সেনের সম্মানে এবার থেকে শুরু হল ‘মহানায়িকা সম্মান'৷ পেয়েছেন সুচিত্রা তনয়া
মুনমুন সেন৷ মুখ্যমন্ত্রী পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানিয়ে বলেন, "২০১২ সাল থেকেই বাংলা চলচিচত্র জগতের দিকপালদের সম্মানিত করছি আমরা৷ এবারও সেই ঐতিহ্য মেনেই খ্যাতনামা ব্যক্তিত্বদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে৷"
এদিন ‘স্পেশাল ফিল্ম' পুরস্কার পেয়েছেন (পুরুষ বিভাগে) হিরণ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, ঋত্বিক চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ৷ মহিলা বিভাগে এই পুরস্কার পেয়েছেন মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পাওলি দাম, নুসরত জাহান, পায়েল সরকার, শ্রীলা মজুমদার, অনুরাধা রায়৷ লাইফ টাইম অ্যাচিভমেণ্ট পুরস্কার পেয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, মমতাশঙ্কর ও দেবশ্রী রায়৷ সংগীত জগতে বিশেষ কৃতিত্বের জন্য লাইফ টাইম অ্যাচিভমেণ্ট পুরস্কার পেয়েছেন কুমার শানু৷ সংগীত পরিচালক হিসাবে স্পেশাল ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরি ও অধীর চট্টোপাধ্যায়কে৷ এছাড়াও স্পেশাল ফিল্ম অ্যাওয়ার্ড নিয়েছেন ক্যামেরায় শীর্ষা রায় ও সৌমিক হালদার৷ এডিটিংয়ে বোধাদিত্য বন্দ্যোপাধ্যায় ও দেবকান্ত চক্রবর্তী৷ প্রযোজনায় সুরিন্দর ফিল্মসের নিসপাল রানে, শব্দগ্রহণে দীপঙ্কর চাকি ও গৌতম নাগ৷ রূপসজ্জায় আজাদ আহমেদ, পরিচালনায় স্বপন সাহা, কমলেশ্বর মুখোপাধ্যায় ও প্রদীপ্ত ভট্টাচার্য৷ শিল্প নির্দেশনায় পরষ্কৃত হয়েছেন তন্ময় চক্রবর্তী ও গৌতম বোস৷ কস্টিউমে সাবর্ণী দাস পুরষ্কৃত হবেন৷ অভিনয়ে বিশেষ ফিল্ম অ্যাওয়ার্ড পাবেন অরিন্দম শীল৷ মহানায়কের ৩৫ তম প্রয়াণ দিবসে টালিগঞ্জে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রী জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ বিশিষ্টজনেরা৷
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর চালু করেন উত্তমকুমারের নামে ওই পুরস্কার। সুচিত্রা সেন তা না পেলেও তাঁকে বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া হয়। তাঁর তরফে পুরস্কার গ্রহণ করেছিলেন মুনমুন সেন। তখন অবশ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেননি তিনি। পুরস্কার নিলেও তার অর্থ পুরোটাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করা হয়।

No comments:
Post a Comment