জয়দেব দাস, কলকাতা প্রতিনিধিঃ সাহেব তাঁর বোনের বিয়ের জন্য নিজের কিডনি বেচেছিল। কিন্তু সে তো সিনেমায়। বাস্তবের ওই ‘সাহেব’ই বিরোধী দলের মা-বোনেদের ‘রেপ’ করতে তাঁর অনুগামী ছেলেদের পাঠানোর কথা বলেন। আর এই বক্তব্যের জেরেই পশ্চিমবঙ্গের টালিগঞ্জ-এর সিনেমা পাড়ায়র নায়ক আজ নতুন এক ‘দাদার কীর্তি’ ঘটালেন। তাপস পালকে যাঁরা কাছ থেকে দেখেছেন, তাঁরা অনেকেই মানতেই পারছেন না যে সাংসদ হওয়ার পর এতটা পাল্টে যেতে পারেন তাপস। অভিনেত্রী ও চিত্র পরিচালক অপর্ণা সেন টেলিভিশনে তাপস পালের বক্তব্য শুনে প্রতিক্রিয়ায় বলেন, যে তাপসকে আমি চিনি সে এ নয়। দাদার কীর্তির তাপস, ভালবাসা ভালবাসার নায়কের সঙ্গে এই তাপসকে মেলাতে আমার খুব কষ্ট হচ্ছে। তাপসের সঙ্গে আমার সম্পর্ক খুব মধুর। তাপসকে নম্র ভদ্র বলেই জানতাম।রাজনীতিতে গেলে মানুষ এতটা পাল্টে যায়? আমার খুব কষ্ট হচ্ছে।

গত সোমবার এক সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যায়, এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তাপস পাল বলছেন, আজকে বিরোধীদের কেউ যদি তৃণমূলের কোনও মেয়ে, কোনও বাপ, কোনও বাচ্চার গায়ে হাত দেয়, তাদের গুষ্টিকে আমি… যা তা করে চলে যাব৷ আমার ছেলেদের ঢুকিয়ে দেব৷ রেপ করে চলে যাবে, রেপ করে চলে যাবে’। সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গী। এমনকী পায়ের জুতো খুলে মারারও অঙ্গভঙ্গী করে দেখান। বিরোধীদের চিহ্নিত করতে পারলে নিজের বন্দুক থেকে গুলি করে দেওয়ারও কথা বলেন। এরপরই দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা তাপস পালকে গ্রেফতার করার দাবি তুলেছেন। সিপিএম নেত্রী বৃন্দা কারাত অবিলম্বে সংসদ থেকে তাপস পালকে বহিস্কারের দাবি করেছেন। সমাজকর্মী ও প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদীও তাপস পালকে গ্রেফতারের দাবি তুলেছেন।
বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন তাপস পালের বক্তব্য শোনার পর ট্যুইটারে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তাপস পালের খুন বা মেয়েদের ধর্ষণ করার কথা বললেও ডেরেক ও ব্রায়েনের কিছু যায় আসে না। তিনি শুধুই উপদেশ দিতে পারেন পরে কথা বলার সময় একটু সতর্ক থাকতে। লেখিকা তিলোত্তমা মজুমদার তাপস পালের বিতর্কিত ভিডিও ফুটেজ দেখার পরে বলেন, তাপস পালের কী অনুপ্রাণিত? কারণ, সম্প্রতি অসংযত ভাষা ব্যবহার সংক্রামক রোগের মত ছড়িয়ে পড়ছে রাজনীতিতে। নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তের কন্যা অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত নিজের প্রতিক্রিয়ায় বলেন, আমার প্রচণ্ড রাগ হচ্ছে। উনি নিজের ছেলেদের দিয়ে রেপ করানোর কথা বলছেন। উনি নিজের ছেলেদের কতটা নিচু চোখে দেখেন এর থেকেই স্পষ্ট। উনাকে গ্রেফতার করা উচিৎ। ‘রঙিন পৃথিবী’র লেখিকা সুচিত্রা ভট্টচার্যও তাপস পালের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। যদিও তৃণমূলের তরফে কোনও মহিলার সাংসদের বক্তব্য পাওয়া যায়নি। তাপস পালের স্ত্রী পরোক্ষে তাপসের পাশেই দাঁড়িয়েছেন। তিনি এদিন বলেন, এর ভেতরে অন্য গল্প আছে। আর সেই ঘটনাই তাঁকে এই ধরণের মন্তব্য করতে ইন্ধন জুগিয়েছে।
No comments:
Post a Comment