Wednesday, 16 July 2014

ব্রিকস উন্নয়ন ব্যাঙ্কের প্রথম সভাপতি হচ্ছেন একজন ভারতীয়

জয়দেব দাস, কলকাতাঃ ব্রিকস উন্নয়ন ব্যাঙ্কের প্রথম সভাপতি হচ্ছেন একজন ভারতীয়৷ তবে সদর দফতর হবে চিনের সাংহাইয়ে৷ ব্রাজিলে ব্রিকস শীর্ষ সম্মেলনে চূড়ান্ত হয়ে গেল উন্নয়ন ব্যাঙ্কের ভবিষ্যৎ৷  ভারত সভাপতিত্ব করার দায়িত্ব পেলেও সদর দফতরকে নিজেদের দেশে রাখার প্রতিদ্বন্দ্বিতায় শেষপর্যন্ত জিত হল চিনের বাণিজ্যনগরীর৷ তবে নরেন্দ্র মোদির প্রস্তাব মতো ভারত সভাপতিত্ব করে ব্রিকস উন্নয়ন ব্যাঙ্কে নিজের কর্তৃত্ব কায়েম রাখবে বলেই মত বিশেষজ্ঞ মহলের৷ এদিকে ব্রিকসের সম্মেলনের ফাঁকেই মঙ্গলবার রাতে রাশিয়ার প্রেসিডেণ্ট ভ্লদামির পুতিনের সঙ্গে প্রায় ৪০ মিনিট ধরে একান্তে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী৷ ভারত-রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন নিয়ে দুই নেতার কথা হয়েছে৷ ডিসেম্বরে বার্ষিক সম্মেলনে ভারত সফরে আসছেন পুতিন৷ তাঁকে কুড়ানকুলামের পরমাণু কেন্দ্র ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মোদি৷ বৈঠক শেষে মোদি টুইট করেন, "ভারত-রাশিয়ার সম্পর্ককে আরও মজবুত করতে নানা কথা হল প্রেসিডেণ্ট পুতিনের সঙ্গে৷ রাশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ককে সম্মান করি৷" সূত্রের খবর, শিল্পে বিনিয়োগ নিয়েও দুই রাষ্ট্রনেতার কথা হয়েছে৷ সোমবার রাতেই চিনের প্রেসিডেণ্ট জি জিনপিংয়ের সঙ্গে বিশেষ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী৷ ভারত-চিনের বিতর্কিত সীমান্ত সমস্যার দ্রূত সমাধান ও আর্থিক বিনিয়োগ নিয়ে তাঁদের মধ্যে কথা হয়৷ ব্রিকস উন্নয়ন ব্যাঙ্কের জন্য দশ হাজার কোটি ডলারের তহবিল করা হয়েছে৷ ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি থেকে নির্দিষ্ট সময় অন্তর ব্যাঙ্কের সভাপতি বেছে নেওয়া হবে৷ 

No comments:

Post a Comment