Wednesday, 9 July 2014

আমেরিকার এক অনাবাসী ভারতীয়র বিরুদ্ধে গোয়ার মন্ত্রীর মামলা রুজু


গোয়াঃ গোয়ার সমুদ্র সৈকতের বিকিনি ছবি বিষয়ে আমেরিকায় বসবাসকারী এক অনাবাসী ভারতীয়র বিরুদ্ধে মামলা  করা হয়েছে। মামলাটি করেছেন গোয়ার এক মন্ত্রী সুদীন ধাবলীকর। বিকিনি পরা ছবি ইন্টারনেটে আপলোড করেছেন ওই অনাবাসী। অভিযুক্ত ব্যক্তির নাম সাভিও আলমেইদা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন।  তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে। 

কিছুদিন আগে গোয়ার পূর্তমন্ত্রী সুদীন ধাবলীকর বলেছিলেন, "বিকিনি ভারতের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। তাই গোয়ার সৈকতে বিকিনি নিষিদ্ধ করা উচিত।" তাঁর এই কথা নিয়ে সমালোচনা শুরু হয়। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর জানিয়ে দেন, গোয়ার ছেলেমেয়েরা ছোটো থেকে বিকিনি দেখেই বড় হয়। তাই বিকিনি নিষিদ্ধ করার কোনও প্রশ্ন নেই।
এরপরই ইন্টারনেটে একটি ছবি দেখা যায়। সেখানে সুদীন ধাবলীকর বিকিনি পরেছেন! এ নিয়ে বিস্তর হইচই শুরু হয়। পুলিশে অভিযোগ জানান মন্ত্রীমশাই। মালুম হয়, ছবিটি আসল নয়। কেউ ফটোশপে তা সম্পাদনা করে ইন্টারনেটে আপলোড করে দিয়েছে। কম্পিউটারের আইপি অ্যাড্রেসের খোঁজ করে দেখা যায়, সেটি আমেরিকার। পুলিশি তদন্তে আরও জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তির নাম সাভিও আলমেইদা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন।  
গোয়া পুলিশের ডিএসপি দীনরাজ গোভেকর বলেন, অভিযুক্তের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(বি) এবং ৬৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁকে আমেরিকা থেকে গ্রেফতার করে নিয়ে আসা হবে কি না, এই প্রশ্ন অবশ্য এড়িয়ে যান তিনি। শুধু বলেছেন, সাধারণ থানা থেকে মামলাটি পাঠানো হয়েছে সাইবার অপরাধ দমন শাখায়। এ বার যা করার, তারাই করবে। এই ঘটনায় সারা গোয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বলা ভালো, পূর্তমন্ত্রী বিজেপি নেতা নন, মহারাষ্ট্র গোমন্তক পার্টির সদস্য। গোয়ায় এরা বিজেপি-র সহযোগী।

No comments:

Post a Comment