কলকাতা প্রতিনিধিঃ ভারত থেকে বাংলাদেশে গরুপাচার এবং পাচারকারীদের তাণ্ডব বন্ধের দাবিতে উত্তর ২৪ পরগনার বসিরহাটের রাস্তায় বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ। শনিবার মহকুমাশাসকের দফতরের সামনে ইটিন্ডা রাস্তায় বিজেপি দলের উদ্যোগে জমা হয়েছেন মানুষজন। বিক্ষোভের জেরে কিছুটা উত্তেজনা ছড়ায়।
বসিরহাটের মহকুমাশাসক শেখর সেন গরু পাচারের বিষয়ে জেলাশাসকের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেছেন।
এ দিন বেলা ১১টা নাগাদ কয়েকশো বিজেপি সমর্থক বসিরহাট টাউনহল চত্ত্বরে জমা হন।

বাংলাদেশে গরু পাচার বসিরহাটের মানুষের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে গরিব কৃষকদের ফসল নষ্ট করে গরু নিয়ে যাওয়ার প্রতিবাদ করলে পাচারকারীরা খুন-জখম এমনকী মহিলাদের সম্ভ্রমহানির মতো ঘটনাও ঘটাচ্ছে। প্রশাসনের চোখের সামনে দিয়ে বড় বড় লরি ভর্তি করে প্রতিদিন হাজার হাজার গরু নিয়ে যাওয়া সত্ত্বেও পুলিশের ভূমিকা দর্শকের। বিক্ষোভকারীদের অভিযোগ, গরুপাচারের জেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন সীমান্ত এলাকার সাধারণ মানুষ। পাচারকারীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, স্বরূপনগরে গরু পাচারে বাধা দেওয়ায় পাচারকারীদের হাতে বিএসএফ জওয়ান খুন হয়েছেন। হাকিমপুরে ভাঙচুর হয়েছে সীমান্তরক্ষীদের চৌকি। কৈজুড়ি গ্রামে গরু পাচারে বাধা দেওয়ায় দুই মহিলাকে ধর্ষণ করা হয়, তিন কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এক মহিলাকে খুন পর্যন্ত হতে হয়েছে পাচারকারীদের হাতে। ঘোজাডাঙায় পাচারকারীদের হুমকির কথা পুলিশ-প্রশাসন, এমনকী শাসকদলের নেতাদের জানিয়েও কোনও সুরাহা হচ্ছে ন।
বিক্ষোভকারীদের অভিযোগ, শাসকদলের কেউ কেউ সিন্ডিকেট করে গরুর ব্যবসা শুরু করায় পুলিশ নীরব ভূমিকা পালন করতে বাধ্য হচ্ছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। সেই সঙ্গে সমস্যার সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment