
হিমাচল প্রদেশঃ ছাত্র-যুবদের মধ্যে তামাকের নেশা কমাতে এক নয়া পদক্ষেপ করল ভারতের হিমাচলপ্রদেশ রাজ্য সরকার৷ গোটা রাজ্যে খুচরো সিগারেট বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার৷ স্কুল-কলেজের পড়ুয়াদের মধ্যে সিগারেটের নেশা কমাতে ‘পকেট টাইট' দেওয়ার এই ভাবনা বলে জানিয়েছে হিমাচল সরকার৷ কারণ, পড়ুয়ারা ‘পকেট মানি' বাঁচিয়ে সেই টাকায় সিগারেট কিনে খায়৷ তিন-পাঁচ টাকাতে একটা সিগারেট পাওয়া যায়৷ সেখানে একটা গোটা প্যাকেট গেলে অন্ততপক্ষে ৩০ টাকা খরচ হবে৷ স্কুল-কলেজ পড়ুয়াদের অনেকেরই একসঙ্গে এই টাকা দিয়ে সিগারেটের প্যাকেট কেনা সম্ভব হবে না বলেই মনে করছেন হিমাচল প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী কাউল সিং ঠাকুর৷ সে ক্ষেত্রে বাধ্য হয়েই সিগারেট খাওয়া ছাড়তে হবে ছাত্রদের৷
আজ, বৃহস্পতিবার সাধারণ বাজেটে সিগারেটের দাম বাড়বে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ দাম বাড়লে, পকেটে টান পড়বে| প্রবণতা কমবে সিগারেট পানের, এমনটাই মনে করা হচ্ছে৷
স্বাস্থ্যমন্ত্রী কাউল সিং জানান, তামাক প্রতিরোধ দিবসে যুব প্রজন্মের মধ্যে তামাকজাত দ্রব্য সেবনের ক্রমবর্ধমান প্রবণতা তাঁকে উদ্বিগ্ন করেছিল৷ এ বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধনের সঙ্গেও কথা বলেন৷
হিমাচল প্রদেশের সরকারের তরফে রাজ্যের সমস্ত ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, বিক্রি করলে সিগারেটের গোটা প্যাকেটই বিক্রি করতে হবে৷ কোথাও কাউকে খুচরো সিগারেট বিক্রি করতে দেখলে কঠোর ব্যবস্থা নেবে রাজ্য৷
No comments:
Post a Comment