Friday, 4 July 2014

শেষ পর্যন্ত অপহৃত ৪৬ নার্সদের মুক্তি দিল ইরাকি জঙ্গিরা

দিল্লিঃ দীর্ঘ উদ্বেগ আর অপেক্ষার পরে অবশেষে দেশে ফিরতে চলেছেন ইরাকে অপহৃত ৪৬ জন নার্স। এর মধ্যে আসছেন ৫ বাংলাদেশী নার্সও। প্রতিশ্রুতি অনুসারে শুক্রবার তাঁদের  মুক্তি দিয়েছে ইরাকি জঙ্গিরা। এই ৪৬ জনকে এদিন সকালে বিশেষ বাসে করে এরবিল শহরের কাছে ছেড়ে দিয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএল। তাঁরা নিরাপদে উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে চলে এসেছেন বলে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্টের তরফে জানা গিয়েছে।

নয়াদিল্লির বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের খপ্পর থেকে মুক্ত নার্সদের দেশে ফিরিয়ে আনতে ইরাকে বিশেষ বিমান পাঠানো হচ্ছে। এই বিমানে বিদেশমন্ত্রকের একাধিক আধিকারিককে এরবিলে পাঠানো হচ্ছে। ফলে আজকের দিনটা এরবিল শহরে থাকতে হবে ৪৬ জন নার্সদের। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার সকাল সাতটায় তাঁরা কোচিতে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। 

সম্প্রতি ইরাকের তিকরিত শহর থেকে কেরলের ৪৬ জন নার্সকে অপহরণ করেছিল জঙ্গিরা। এরপর থেকে তাঁদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে চূড়ান্ত উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টির গুরুত্ব বিচার করে তৎপর হয় নরেন্দ্র মোদী সরকার। কেরল সরকারের তরফেও এনিয়ে কেন্দ্রের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছিল। দীর্ঘ টালবাহানার পরে শুক্রবার অপহৃত নার্সদের মুক্তির বিষয়ে আশার আলো দেখা গিয়েছিল। অপহরণকারীরা তাঁদের খুব শীঘ্রই মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে টেলিফোনে পরিবার এবং ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান অপহৃতরা।

No comments:

Post a Comment