Friday, 18 July 2014

বেনারসী শাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রিয়ঙ্কা চোপড়া

কলকাতাঃ ভারতীয় ঐতিহ্যের সঙ্গে ওতপ্রতোভাবে জড়িত বেনারসী শাড়ি। আর এবার সেই বেনারসী শাড়িরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা প্রতিনিধি হলেন প্রিয়ঙ্কা চোপড়া। সদ্য ঘোষিত কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হস্তশিল্প ক্ষেত্রের জন্য অর্থ বরাদ্দ করার পরই বুধবার কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক বেনারসী শাড়ির সরকারি প্রতিনিধি হিসেবে প্রিয়ঙ্কা চোপড়ার নাম ঘোষণা করেন।
বর্তমানে বেনারসী শাড়ির ব্যবহার শুধুমাত্র বিয়ের আসরেই আবদ্ধ হয়ে গেছে। ফ্যাশন দুনিয়ার হাত ধরে আরও অন্য ধরণের অনেক শাড়ি পা রেখেছে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের অন্দরে। বারো হাত দৈর্ঘ্যের ভারতীয় সংস্কৃতির প্রাচীন এই ঐতিহ্যবাহী পোশাকে এখন ঢুকেছে অনেক অন্য ঘরাণার স্টাইল। এখন নারীরা পুরুষ মনে বেনারসী শাড়ি পরেই হিল্লোল তোলে না, পরণে তাদের অন্য না না বিধ কারুকাজ ও ঘরাণার শাড়ি দেখা যায়। মূলত না না ধরণের শাড়ির ভিড়ে এখন হারিয়ে যেতে বসেছে বেনারসী শাড়ি। তাই বলিউডের অন্যতম ফ্যাশনদুরস্ত নায়িকা প্রিয়ঙ্কা চোপড়ার হাতধরেই এখন বেনারসীর ভাগ্যে জিয়নকাঠি ছোঁয়ানোর চেষ্টা করছে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক।
এবিষয় বারাণসীর তাঁতিদের সঙ্গে একটি বৈঠকও করেন বস্ত্রমন্ত্রকের সেক্রেটারি জোহরা চট্টোপাধ্যায়। তিনি জানান, প্রিয়ঙ্কার হাত ধরে বারাণসীর সবধরণের শাড়িই বিশ্ববাজার ও ভারতীয় বাজারে প্রচার পাবে। এছাড়া বস্ত্রশিল্পের প্রচারের জন্য কেন্দ্রীয় বাজেটে যেসমস্ত ঘোষণা করা হয়েছিল, সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপান্তরিত করতেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।সেই পদক্ষেপকেও স্বাগত জানিয়েছে বারাণসীর তাঁতি সম্প্রদায়।
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে একটি ক্রাফ্ট মিউসিয়াম ও বাণিজ্যের কাজকর্ম করার জন্য একটি কেন্দ্র তৈরি করতে। এছাড়া এবারের বাজেটে অর্থমন্ত্রী আটটি টেক্সটাইল মেগাক্লাস্টর তৈরির প্রতিশ্রুতিও দিয়ে ছিলেন। সেগুলো তৈরি হবে বারাণসী, বরেলি, লখনউ, সুরাত, কচ্ছ, ভাগলপুর, মহিশূর এবং তামিলনাড়ুর একটি জায়গায়। এরজন্য বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রক দিল্লিতে একটি হস্তকলা অ্যাকাডেমি স্থাপনেরও প্রতিশ্রুতি দেন। যারজন্য বরাদ্দ করা হয়েছে ৩০ কোটি টাকা।

No comments:

Post a Comment