Tuesday, 22 July 2014

দৃষ্টিহীন ছাত্রকে শিক্ষকের পৈশাচিক প্রহার, তোলপাড় গোটা দেশ

জয়দেব দাস, কলকাতাঃ দৃষ্টিশক্তিহীন ৩ ছাত্রকে অমানবিকভাবে মারধর করছেন শিক্ষক। অন্ধ্রপ্রদেশের একটি স্কুলের এই ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পর সারা ভারতে তোলপাড় শুরু হয়েছে। সেই অভিযোগে স্কুলের অধ্যক্ষকেও সাসপেন্ড তো করা হয়েছেই গ্রফতারও করা হয়েছে তাঁকে।  
ভিডিওতে দেখা যাচ্ছে, শিক্ষক নিজেও দৃষ্টিহীন। শিশুদেরকে হাতের সরু কঞ্চি দিয়ে পৈশাচিকভাবে ঘায়ের পর ঘা করে চলেছেন। ছাত্ররা কাঁদছে, চেঁচাচ্ছে, প্রাণ ভিক্ষা চাইছেন। কিন্তু কোনও কিছুতেই কোনও লাভ হচ্ছে না। শিক্ষকের প্রহার থেকে রেহাই নেই দৃষ্টিহীন ছাত্রদের।
মারের চোটে যন্ত্রণায় ছটফট করছে ছাত্ররা। যখন তাড়স্বরে চিৎকার করে কাঁদছে তারা তখনই অভিযুক্ত ওই শিক্ষক একজনের মাথা ধরে মাটিতে ঠুকে দিচ্ছে। এই ভিডিওতে অভিযুক্ত শিক্ষকের সহকারী আর এক ব্যক্তিকে দেখা গিয়েছে, যদিও ওই ব্যক্তির মুখ ভিডিওতে স্পষ্ট নয়। এই ভিডিওতে যে ছাত্রদের মারধর করার ফুটেজ ধরা পড়েছে তারা প্রত্যেকেই ১০ বছরের কম বয়সী।
সোমবার এই ভিডিও সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। যদিও কে এই অমানবিক ভিডিওটি ফোনে রেকর্ড করেছে সে বিষয়ে কিছু জানতে পারা যায়নি।
অন্ধ্রর কাকিনাড়ার পুলিশ জানিয়েছে,  হায়দ্রাবাদ থেকে ৬৫০ কিলোমিটার দূরে গ্রীনফিল্ড রেসিডেন্সিয়াল স্কুলের ঘটনা এটি। এই স্কুলটি দৃষ্টিহীনদের জন্য। ভিডিও ফুটেজটি প্রকাশিত হওয়ার পর পুলিশ অভিযুক্ত ওই দৃষ্টিহীন শিক্ষককে গ্রেফতার করেছে। স্কুলের অধ্যক্ষকেও গ্রেফতার করা হয়েছে।
ইতিমধ্যে রাজ্যের শিশু অধিকার কমিশন এই ভিডিওটি দেখার পর তৎপর হয়েছে। স্বতন্ত্রভাবে তদন্ত শুরু করেছে তাঁরা। জানা গিয়েছে, স্কুলটি দাতব্য প্রতিষ্ঠান। এই স্কুলে ৬২ ছাত্রের নাম নথিভুক্ত করা আছে। এই স্কুলেই ছাত্ররা থাকে। জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে এই স্কুল থেকে ছাত্রদের অন্যথায় স্থানান্তরিত করা হবে কি না।

No comments:

Post a Comment