জয়পুর: ২২ বছরের এক কিশোরীকে প্রথমে অপহরণ ও গণধর্ষণ করার অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। যে অটোয় কিশোরী সওয়ার ছিলেন, সেটার চালক সহ মোট চারজন মিলে তাঁকে গণধর্ষণ করে।
সোমবার জগতপুরায় নিজের বাড়ি যাবেন বলে অটোয় উঠেছিলেন কিশোরী। তখনই এই নিগ্রহের ঘটনা ঘটে। অভিযোগ, একটি জনশূন্য পার্কে নিয়ে গিয়ে কিশোরীকে সারারাত ধরে ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে জেএলএন মার্গের কাছে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে কিশোরীকে ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা।
এরপরে কিশোরী পুলিশ কন্ট্রোল রুমে খবর দিলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং চার দুর্বৃত্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।
জানা গিয়েছে, কিশোরী উত্তরপ্রদেশের মেইনপুরীর বাসিন্দা। জানিয়েছেন, তিনি আলওয়ারে গিয়েছিলেন স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দিতে।
সন্ধ্যা সাতটা নাগাদ তিনি জয়পুরে ফিরে ভাইকে ফোন করেন। জানান, ফিরতে খানিক দেরি হবে। এরপরই তিনি যখন অটোর জন্য দাঁড়িয়েছিলেন, তখন একটি অটো এসে দাঁড়ায়। তার পিছনের সিটে তিনজন ব্যক্তি বসেছিলেন। চালক বলে মাত্র ২০ টাকার বিনিময়ে সে মহিলাকে জগতপুরায় ছেড়ে দেবে।
অভিযোগ, অটোয় চেপে বসতেই পিছনের তিন ব্যক্তি যার মধ্যে একজন মধ্যবয়স্ক ও দুজনের বয়স কম, তারা মেয়েটিকে চেপে ধরে পার্কে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পুলিশের কাছে যুবতী অভিযোগ করেছেন, অভিযুক্ত চারজন তাঁকে কীটনাশক খেতেও বাধ্য করেছে।
পুলিশের বক্তব্য, অভিযুক্তদের ধরতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। যুবতীর প্রাথমিক পরীক্ষার পরে ধর্ষণের ঘটনা ঘটেছে বলেই প্রমাণিত হয়েছে। তবে জোর করে ধর্ষণ করলে শরীরে যে সমস্ত আঘাত হয়, তার চিহ্ন পাওয়া যায়নি। ফলে অভিযুক্তরা ধরা পড়লেই ঘটনার সত্যাসত্য অনেকটাই বেরিয়ে আসবে বলে পুলিশ মনে করছে।
No comments:
Post a Comment