পটনা: সঞ্চয় লীলা বনশালি পরিচালিত ছবি ‘পদ্মাবতী’তে ইতিহাস বিকৃত করা হয়েছে। এই অভিযোগে দিন কয়েক আগে রাজস্থানের জয়পুরে ছবির শ্যুটিং চলাকালীন তাণ্ডব চালায় রাজস্থানের রাজপুত সংগঠন কার্নি সেনা। এই ঘটনার তীব্র নিন্দা করে এবার রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব বনশালিকে তাঁর রাজ্য বিহারে এসে ছবির শ্যুটিং শেষ করার জন্যে আহ্বান জানালেন।
বনশালি ও ‘পদ্মাবতী’র টিমের ওপর আক্রমণের প্রতিবাদে তীব্র সমালোচনায় সরব হয়েছে গোটা বলিউড। এবার বিজেপি এবং বিজেপি সমর্থিত সাংবাদিকদের একহাত নিয়ে লালুর মন্তব্য, এঁরাই আড়ালে থেকে এই আক্রমণে ইন্ধন জুগিয়েছে। প্রসঙ্গত, ছবিতে রানি পদ্মীনি এবং সম্রাট আলাউদ্দীন খিলজির মধ্যে প্রেম দেখানো হয়েছে, যাতে ঘোরতর আপত্তি রাজস্থানের ওই সংগঠনের। তাঁদের বক্তব্য, খিলজির সঙ্গে রানী পদ্মীনির প্রেম দেখানোয় রানীকে কার্যত অপমান করা হয়েছে।
এদিকে লালুর সঙ্গে গলা মিলিয়ে তাঁর ছেলে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও, সঞ্জয়কে ছবির শ্যুটিং বিহারে এসে শেষ করার আহ্বান জানিয়েছেন। লালুর বক্তব্য, এসো বিহারকে দেখ, বিহারকে উপলব্ধি কর, বিহারকে জানো। বিহারের মানুষ অতিথিকে ভালবাসতে জানে, সম্মান দিতে জানে। তাঁরা একথাও বলেন, এই ঘটনা যদি বিহারে ঘটত, তাহলে সারা দেশজুড়ে তোলপাড় পড়ে যেত। জঙ্গলরাজ চলার অভিযোগ উঠত। রাজস্থানে যা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, টুইটে মন্তব্য তেজস্বীর।
No comments:
Post a Comment