
প্রথমে ছবির পুরুষ অভিনেতাকে নিয়ে সমস্যা। আর এ বার সমস্যার কেন্দ্রে খোদ রানি! 'পদ্মাবতী'র বাধা যেন আর কাটছেই না। শুটিং শুরুর আগে থেকেই বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে পরিচালক সঞ্জয় লীলা বনশালির ছবিটি। একে ঘিরে বিভিন্ন সময় ছড়িয়েছে বেশ কিছু ভুয়ো খবরও। এ বার রাজপুতদের একটি সংগঠন ছবিটি নিয়ে আপত্তি তুলেছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি যোধপুরের জয়গড় দুর্গে চলছিল 'পদ্মাবতী'র শুটিং। সেখানে হঠাত্ই ঢুকে পড়েন ওই সংগঠনের সদস্যরা। রীতিমতো হুমকি দিয়ে শুটিং বন্ধ করতে বলেন তাঁরা। এমনকি টিম 'পদ্মাবতী'র সঙ্গে বাক্বিতন্ডায় জড়িয়েও পড়েন কিছু সদস্য। জানা গিয়েছে, ছবিতে রানি পদ্মিনীর চরিত্রটি নিয়ে তাঁদের কিছু সমস্যা ছিল।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পুলিশে খবর দেন টিম 'পদ্মাবতী'র সদস্যরা। পুলিশ এসে দু'পক্ষের মধ্যে মধ্যস্থতা করে। নিজেদের বক্তব্য নিয়ে নাকি পরিচালকের সঙ্গে আলোচনাতেও বসেছিলেন ওই সংগঠনের সদস্যরা।
আক্রান্ত বনশালী, নিন্দায় সরব বলিউড
বিকৃত করা হয়েছে ইতিহাস। এই অভিযোগে রাজস্থানের জয়গড় ফোর্টে 'পদ্মাবতী' ছবির সেটে চড়াও হয় রাজপুত সংগঠন কার্ণি সেনা। হেনস্থা করা হয় পরিচালক সঞ্জয়লীলা বনশালীকেও। পরিচালককে বাঁচাতে শূন্যে গুলি ছোঁড়েন তাঁর দেহরক্ষীরা। হামলার জেরে আপাতত বন্ধ রণবীর-দীপিকার হিস্টোরিক্যাল ড্রামা পদ্মাবতী।
বিতর্ক পিছু ছাড়ছে না পদ্মাবতীর। ইতিহাস বিকৃতির অভিযোগে রণবীর সিং-দীপিকা পাডুকোন অভিনীত ছবিটির শুরু থেকেই বিরোধিতা করে আসছিল একাধিক রাজপুত সংগঠন। শুক্রবার রাজস্থানের জয়গড় ফোর্টে শুটিং চলাকালীন চড়াও হয় রাজপুত সংগঠন কার্ণি সেনা। পরিচালক সঞ্জয় লীলা বনশালির ঘরেও ঢুকে পড়ে বিক্ষোভকারীরা।
তাদের হাতে হেনস্থা হতে হয় বনশালিকে। তখনই পরিচালকে বাঁচাতে শূন্যে গুলি ছোড়েন তাঁর দেহরক্ষীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, ছবিতে আলাউদ্দিন খিলজিকে রানী পদ্মাবতীর প্রেমিক হিসেবে দেখানো হয়েছে। যা কোনওভাবেই মেনে নিতে রাজি নয় কার্ণি সেনার সদস্যরা।
এদিন ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি মোকাবিলা করে। যদিও কোনও এফআইআর দায়ের না হওয়ায়, কাউকে গ্রেফতার করা হয়নি। গুলি চলার কথাও অস্বীকার করে পুলিশ।
হামলার জেরে আপাতত জয়গড় ফোর্টে পদ্মাবতীর শুটিং বন্ধ রেখেছেন বনশালী। শুক্রবার রাতে এই ঘটনার পর নিন্দায় সরব বলিউড ৷ ঘটনার তীব্র নিন্দা করে একাধিক ট্যুই করেছেন বলিউডের তারকারা ৷ সরব করণ জোহর থেকে হৃতিক সকলেই ৷
No comments:
Post a Comment