ইতিহাস 'বিকৃত' করার অভিযোগে 'পদ্মাবতী'র শুটিংয়ে চড় খেয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। শুক্রবারের এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে গোটা বলিউড। মুখ খুলেছেন পর্দার 'পদ্মাবতী' দীপিকা পাড়ুকোনও। তাঁর দাবি, 'এই ছবিতে কোথাও ইতিহাসকে বিকৃত করা হয়নি।' পরিচালক কর্ণ জোহর এ সময় গোটা ইন্ডাস্ট্রিকে এক সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর টুইট, 'আমি সঞ্জয়ের ইমোশন বুঝতে পারছি। ওর পাশে আছি। এটা আমাদের ভবিষ্যত হতে পারে না।' পরিচালক অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, ইন্ডাস্ট্রির সকলের এক সঙ্গে এই ঘটনার প্রতিবাদ করা উচিত। পরিচালক রামগোপাল ভার্মার দাবি, ''কুকুর, বাঁদর এমনকী গাধাও তো এ বার সেন্সর বোর্ড হয়ে যাবে!'' প্রিয়ঙ্কা চোপড়া টুইট করেছেন, 'সঞ্জয়ের সঙ্গে কী হয়েছে আমি সবটাই শুনলাম।
পূর্বপুরুষরা তো আমাদের হিংসা ছড়াতে শেখাননি।' ফারহান আখতার বলেছেন, 'যদি সঞ্জয়ের তৈরি ছবি পছন্দ না হয়, দেখবেন না। হিংসা ছড়ানোর তো কোনও মানে নেই।' অনুষ্কা শর্মা টুইট করেছেন, 'সঞ্জয়ের সঙ্গে যা হল সেটা চূড়ান্ত লজ্জার।'
জয়পুরের জয়গড় দুর্গে শুটিং চলছিল বনশালীর নতুন ছবি 'পদ্মাবতীর'। মনিটরের সামনে বসেছিলেন স্বয়ং পরিচালক।
চিতোরের রানি পদ্মিনীর জীবন অবলম্বনে তৈরি হচ্ছে 'পদ্মাবতী'। ছবিতে রানি পদ্মিনীর চরিত্রে দীপিকা পাড়ুকোন, আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিংহ ও রাজা রত্নসেনের ভূমিকায় শাহিদ কপূর। বিক্ষোভকারীদের দাবি, যে আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচাতে জহর ব্রত করেছিলেন রানি পদ্মিনী, সেই আলাউদ্দিনের সঙ্গেই ছবির 'পদ্মাবতী'র ঘনিষ্ঠ মুহূর্ত দেখানো হয়েছে। তবে এই দাবি সত্যি কি না, তার কোনও প্রমাণ মেলেনি।

No comments:
Post a Comment