সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত যা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডু ওই অভিনেত্রীকে অত্যন্ত কাছের জনের মতোই বিশ্বাস করতেন। কিন্তু কেন?
রোজ ভ্যালির সঙ্গে প্রভাবশালী যোগ খুঁজতে গিয়ে রাজনীতির পাশাপাশি অভিনয় জগতের অনেকের নামই পেয়েছে সিবিআই। কিন্তু এক মহা-নায়িকার সঙ্গে রোজ ভ্যালি কর্তার ঘনিষ্ঠতা দেখে ক্রমশই চোখ কপালে উঠছে সিবিআই গোয়েন্দাদের।
সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত যা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডু ওই অভিনেত্রীকে অত্যন্ত কাছের জনের মতোই বিশ্বাস করতেন। আর সেই ভরসার জায়গা থেকেই সংস্থার টাকা বিদেশে পাঠানো থেকে সংস্থার ব্যবসা বাড়ানো কিংবা রাজনৈতিক নেতাদের সঙ্গে মধ্যস্থতা সব বিষয়েই ওই অভিনেত্রীর উপরে ভরসা করতেন।
তবে শুধু ভরসা করাই নয়, ওই নায়িকার জন্য দেদার খরচ করতেও কখনও পিছপা হননি গৌতম। সংস্থার নথি থেকে সিবিআই গোয়েন্দাদের দাবি, বিদেশ ভ্রমণের জন্য লক্ষ লক্ষ টাকা ওই অভিনেত্রীকে দেওয়াই শুধু নয়, স্বামীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্যেও রোজ ভ্যালি কর্তা টাকা দিতেন। এমনকী মুম্বইতে গৌতম কুণ্ডুর একটি বিলাসবহুল ফ্ল্যাটেরও খোঁজ মিলেছে যেটি ওই অভিনেত্রীর ব্যবহারের জন্য বলেও সন্দেহ সিবিআই কর্তাদের।
শুধু নগদ টাকা দেওয়া বা বেড়ানোর বিল মিটিয়ে দেওয়াই নয়, গৌতম কুণ্ডু নিজের গয়নার ব্যবসা থেকে গয়নাও ওই অভিনেত্রীকে নিয়মিত দিতেন বলে খবর সিবিআই কর্তাদের কাছে। টলিউডের ওই প্রথম সারির নায়িকাকে শীঘ্রই ডাকতে পারে সিবিআই। তবে হাই-প্রোফাইল ওই নায়িকাকে ডাকার আগে তথ্য-প্রমাণ সাজিয়ে নিতে চাইছেন সিবিআই-এর গোয়েন্দারা। এক সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে ওই নায়িকার বেশ কিছু ঘনিষ্ঠ ছবিও সিবিআই-এর হাতে এসেছে। এ ছাড়াও রোজ ভ্যালির কর্মীদের থেকে পাওয়া গিয়েছে বেশ কিছু বড় অঙ্কের লেনদেনের প্রমাণ।
এখন সিবিআইয়ের গোয়েন্দাদের কাছেও একটা বড় প্রশ্ন- ঠিক কী সম্পর্ক অভিনেত্রী ও রোজ ভ্যালি কর্তার মধ্যে? শুধুই কি অর্থ লেনদেনের জন্য ঘনিষ্ঠতা? গৌতম কুণ্ডুর নির্দেশেই কি রাজনীতির ময়দানে নামতে চেয়েছিলেন টলিউডের মহা-অভিনেত্রী?
No comments:
Post a Comment