এমন ঘটনায় স্বভাবতই অবাক বলিউড। ঘটনা আদৌ সত্য কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।
একটা সময়ের বলিউডের হিট এবং গ্ল্যামারাস নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন রতি অগ্নিহোত্রী। অভিনয় করেছেন কমল হাসান, মিঠুন থেকে রাজ বব্বর, অমিতাভ বচ্চন, ঋষি কপূর থেকে শুরু করে অশোক কুমার, ওমপ্রকাশদের সঙ্গেও। অসম্ভব সুন্দরী, ভাল ব্যবহারের মহিলা বলেই বলিউডে রতির পরিচিতি। তাঁর এবং কমল হাসান অভিনীত 'এক দুজে কে লিয়ে' ছবিটি আজও বলিউডের অন্যতম সেরা প্রেমকাহিনি বলে বিবেচিত হয়। কিন্তু, বার্দ্ধক্যে এসে এভাবে চোরের অপবাদ পেতে হল তাঁকে। এমনকী, রতি ও তাঁর স্বামীর বিরুদ্ধে মুম্বইয়ের ওরলি থানায় অভিযোগও দায়ের হয়েছে।
রতি অগ্নিহোত্রী- বর্তমান দিনে, ডানদিকে অল্প বয়সের ছবি
রতি ও তাঁর স্বামী অনিল ভিরওয়ানির বিরুদ্ধে ৪৮.৯৬ লক্ষ টাকার চুরির অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, রতিদের বিরুদ্ধে বিদ্যুত্ চুরির অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওরলির সমুদ্র তীরে রতিদের একটি পেন্টহাউস রয়েছে। গত ৩ বছর ধরে ওই পেন্টহাউসে মিটারে কারচুপি করে বিদ্যুত্ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।
স্বামী অনিল ভিরওয়ানির সঙ্গে রতি
এই ঘটনার অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন রতি। জানিয়েছেন, সংবাদমাধ্যমের কাছ থেকেই এই এফআইআর-এর খবর জেনেছেন। বিদ্যুত্ চুরি করা হয়েছে এমন অভিযোগের কথা শুনে কার্যত বিষ্ময় প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, তিনি এবং তাঁর স্বামী ও পুত্র মুম্বইয়ের বাইরে রয়েছেন। শহরে ফিরলে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায় তা ঠিক করা হবে বলে জানান রতি।

No comments:
Post a Comment