পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। একজন বিধায়ককে সামান্য এই অভিযোগে গ্রেফতারের ঘটনায় ক্ষিপ্ত কংগ্রেসকর্মীরা। গোটা ঘটনাকেই তাঁরা সাজানো বলে প্রতিক্রিয়া দিয়েছেন।
৭ ঘণ্টার পুলিশি জেরা। অবশেষে গ্রেফতার। কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে এভাবে জেলে ঢোকানোয় পুরুলিয়ায় রাজনৈতিক অসন্তোষ এখন চরমে। কংগ্রেস কর্মীদের দাবি, পুরুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব সুদীপ। এতে বহুবার উপযুক্ত তদন্তেরও দাবি তুলেছেন। কিন্তু, কাজের কাজ হয়নি বলেই অভিযোগ। পুরুলিয়ার বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে তিনি পুরুলিয়া পৌরসভার বিরোধী দলনেতাও। বুধবার পৌরসভার অ্যাকাউন্ট বিভাগ থেকে ব্যাঙ্কের চেকবই ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যান সুদীপ মুখোপাধ্যায়।
ঘটনার বিবরণ দিয়ে পুরুলিয়া সদর থানায়, পুরসভার হয়ে লিখিত অভিযোগ জানান প্রধান করণিক অনিমেষ ভট্টাচার্য। ৩৫৩,১৮৬,৩৭৯ ও ৫০৬ ধারাতে মামলা দায়ের করা হয়। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররাও সুদীপের গ্রেফতারের দাবিতে পথে নামেন।
শুক্রবার একটি অনুষ্ঠান থেকে সুদীপ মুখোপাধ্যায়কে আটক করে পুলিশ। রাত ১১টা নাগাদ পুলিশ গ্রেফতারির খবর জানায়। কংগ্রেসের পক্ষ থেকে এই গ্রেফতারিকে তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ করা হয়। ধৃত বিধায়ক নিজেও বলেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই গ্রেফতার হতে হয়েছে। সেইসঙ্গে তিনি বলেন, মানুষের হয়ে লড়াই করার জন্য ফাঁসিতে যেতেও রাজি আছেন। পুরুলিয়ার মানুষের স্বার্থে যে কোন জায়গায় যেতে রাজি তিনি।
দলের বিধায়ক গ্রেফতার হবার পরই শনিবার সকাল থেকে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস কর্মী ও সমর্থকরা। অবিলম্বে বিধায়ককে মুক্তির দাবী তোলেন তারা।
No comments:
Post a Comment