কলকাতা: রাজ্যের পর্যটনের মানচিত্রে যুক্ত হল নয়া পালক। পশ্চিমবঙ্গের পর্যটকদের সুবিধা এবং বেশি করে পর্যটন টানতে এবার ভিন রাজ্যেও নেচার-রিসর্ট গড়ছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম৷ রাজ্য বন দফতরের আওতাধীন ওই নিগম পড়শি রাজ্য ঝাড়খণ্ড-সহ উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে নতুন সাতটি রিসর্ট গড়ার সিদ্ধান্ত নিয়েছে৷ ঝাড়খণ্ডের ধানবাদ জেলার মাইথন, উত্তরবঙ্গে, দার্জিলিংয়ের কালিম্পং, জলপাইগুড়ির লাটাগুড়ি, দক্ষিণবঙ্গের হাওড়ার গড়চুমুক, বীরভূমের বোলপুর, তারাপীঠ, বাঁকুড়ার মুকুটমণিপুরে একেবারে প্রকৃতিকে ছুঁয়ে এই ভ্রমণকেন্দ্রগুলি গড়ে উঠবে বলে জানা গিয়েছে। এমনকি রাজ্যের উদ্যোগে পুরীতেও একটি আবাসন তৈরি হবে বলে প্রাথমিক সিন্ধান্ত সরকারের বলে জানা গিয়েছে।অন্যদিকে, বর্তমানে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে নিগমের ১৯টি রিসর্ট বা প্রকৃতি ভ্রমণকেন্দ্র থেকে গত আর্থিক বছরে (২০১৩-১৪) ৩৫ লক্ষ টাকা বেশি আয় করেছে৷ ওই রিসর্টগুলির মধ্যে পর্যটন ব্যবসায় আবারও প্রথম স্থান দখল করেছে পুরুলিয়ার গড়পঞ্চকোট৷ দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের মূর্তি। সে দিকে তাকিয়ে আগামিদিনে রাজ্যের পর্যটনকে দেশের পর্যটন মানচিত্রে নিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য।
No comments:
Post a Comment