Monday, 16 June 2014

ব্রাজিলে বিশ্বকাপের ফাইনাল দেখতে আমন্ত্রণ মোদিকে

কলকাতাঃ ব্রাজিলে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে আমন্ত্রণ জানানো হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ দিল্লিতে প্রধান মন্ত্রীর দফতর মারফত এই খবর জানা গেছে৷  ব্রাজিল-রাশিয়া-ভারত-চিনের জোট ব্রিকসের সদস্য দেশের প্রধানমন্ত্রী হিসেবেই মোদিকে ব্রাজিল সরকারের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে৷ ব্রাজিলের
প্রেসিডেন্ট দিলমা রৌসেফ এই আমন্ত্রণ জানিয়েছেন৷ তবে মোদি ওই আমন্ত্রণ গ্রহণ করে ব্রাজিলে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে যাবেন কিনা, সেবিষয়ে কোনও কিছু জানা যায়নি৷ উল্লেখ্য, মোদি বর্তমানে ভুটান সফরে রয়েছেন৷
উল্লেখ্য, লাতিন আমেরিকার ওই দেশে চলতি বিশ্বকাপের উদ্বোধনের দিনই মোদি ফিফা আয়োজিত এই টুর্নামেন্টের একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিলেন৷ ওই অনুষ্ঠানে মোদি বলেছিলেন, ক্রীড়া বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে একাত্মবোধ ও সৌহার্দ্যের বাতাবরণ তৈরি করে৷ ফিফা বিশ্বকাপও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সেতুবন্ধনের কাজ করবে বলে আশাপ্রকাশও করেছিলেন তিনি৷ ভারত ফিফার অনুর্ধ ১৭ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মোদি দেশে ফুটবলের সুমহান ইতিহাসের প্রসঙ্গও উল্লেখ করেছিলেন৷ প্রতিবেশী দেশ ভুটান সফরে গিয়েও পারস্পরিক সম্পর্কের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ক্রীড়ার ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন৷ ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলির সঙ্গে ভুটানের একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনেরও প্রস্তাব দিয়েছেন তিনি৷

No comments:

Post a Comment