Monday, 30 June 2014

পল্লবী পুরকায়স্থ হত্যা মামলা:দোষী সাব্যস্ত নিরাপত্তারক্ষী, সাজা ঘোষণা ৩রা জুলাই

মুম্বইঃ মুম্বইয়ে বাঙালি আইনজীবী পল্লবী পুরকায়স্থ হত্যা মামলায় আবাসনের নিরাপত্তারক্ষী ২২ বছর বয়সী সাজ্জাদ আহমেদ মুঘলকে দোষী সাব্যস্ত করল আদালত৷ ৩ জুলাই সাজা ঘোষণা করবে  কোর্ট৷ ২০১২ সালের, ৯ অগাস্ট মুম্বইয়ের ওয়াডালায় নিজের আবাসনের ফ্ল্যাটে মধ্যরাতে পেশায় আইনজীবী পল্লবীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে নিরাপত্তারক্ষী সাজ্জাদ৷ তাঁকে মুম্বইয়ের সেন্ট্রাল স্টেশন  থেকে গ্রেফতার করে পুলিশ৷ ২২ বছরের সাজ্জাদের বিরুদ্ধে খুন ছাড়াও, শ্লীলতাহানির চেষ্টা ও জোর করে অন্যের বাড়িতে ঢোকার অভিযোগ দায়ের করাহয়েছিল আদালত। আজ, সোমবার রায় শোনার পর  পল্লবীর বাবা বলেন, গত দুবছর ধরে তাঁরা যে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা একমাত্র তাঁরাই জানেন। সাজ্জাদের ফাঁসির সাজা হলে তাঁর মেয়ের আত্মা শান্তি পাবে, দাবি পল্লবীর বাবার। 
এই মামলায় গত দুবছরে ৪০ জন প্রত্যক্ষদর্শীর বয়ান নিয়েছে আদালত। ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে ২০১২ সালের ৩০ অক্টোবর সাজ্জাদের বিরুদ্ধে ৪৩৪ পাতার একটি চার্জশিট জমা দেওয়া হয়। তবে সাজ্জাদের আইনজীবী ওয়াহাব খান অভিযুক্তের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দাবি করেন, আইনজীবী পল্লবী পুরকায়স্থর বয়ফ্রেন্ড অভীক সেনগুপ্ত তাঁকে খুন করেছে।যদিও সে অভিযোগ কার্যত নস্যাত্ করে দিয়েছে আদালত। পেশায় আইনজীবী পল্লবী ফারহান আখতারের সংস্থা এক্সেল এন্টারটেনমেন্টে আইনি পরামর্শদাতার কাজ করতেন। পল্লবীর বাবা ছিলেন আইএএস অফিসার। সেইসময় কেন্দ্রীয় কৃষি দফতরের জয়েন্ট সেক্রেটারির পদে ছিলেন তিনি। জম্মু কাশ্মীরের বাসিন্দা সাজ্জাদ অনেকদিন ধরেই পল্লবীর ওপর নজর রাখছিল। তারপর ৯ অগাস্ট রাতে ডুপ্লিকেট চাবি দিয়ে পল্লবীর ফ্ল্যাটে মধ্যরাতে প্রবেশ করে অভিযুক্ত। মুঘল তার বয়ানে জানায়, এরপর সে পল্লবীর শ্লীলতাহানির চেষ্টা করে,তখন পল্লবী চেঁচিয়ে ওঠায়, তার কাছে যে ছুড়ি ছিল সেই দিয়ে সে পল্লবীকে আঘাত করে।পল্লবীর মা সুমিতাও অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন। তাঁর কথায়, এই হত্যার ফলে একইসঙ্গে দুটি বাড়ি, দুটি পরিবারের সমস্ত স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেছে।

No comments:

Post a Comment