কলকাতা প্রতিনিধিঃ ইরাকের মোসুলে অপহৃত ৪০ জন ভারতীয় শ্রমিকের এখনও কোনও খোঁজ নেই৷ ঘটনার পিছনে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার হাত রয়েছে বলে জানিয়েছে ইরাক৷ যদিও কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি৷ অপহৃতদের মুক্তির জন্য তত্পর দিল্লি৷ বাগদাদ পাঠানো হয়েছে ভারতীয় কূটনীতিক সুরেশ রেড্ডিকে৷ আজ বিকেলে দিল্লির জওহরলাল নেহরু ভবনে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করবেন অপহৃতদের আত্মীয়রা৷ অমৃতসর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা৷ এদিকে, ৪০ জন ভারতীয় শ্রমিকদের এখনও কোনও খোঁজ না মেলায় উদ্বিগ্ন পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল৷ যেভাবেই হোক তাদের ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আবেদন জানালেন তিনি৷ সরকারের তরফে সব রকম চেষ্টা করা হচ্ছে, আশ্বাস অপর কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরথ কউরের৷এদিকে, প্রায় ৬০ জন ভারতীয় নার্স তিরকিতেই দেশে ফিরতে চাইছেন। তাঁদের সঙ্গে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ রেখে চলা হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের এক মুখপাত্র। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রেড ক্রিশেন্টের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। তিরকিত থেকে বাগদাদের বিমান যোগাযোগ নেই। কাজেই ওই নার্সদের সড়কপথে নিয়ে আসতে রাজি নয় ভারতীয় মিশন। এই অবস্থায় তাঁদের উদ্ধারের জন্য বিকল্প পদ্ধতি ভাবনা করা হচ্ছে বলে জানা গেছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, নজাফে একটি তুর্কি সংস্থায় কর্মরত প্রায় ২০০ ভারতীয় শ্রমিকও উদ্বেগের মধ্যে রয়েছেন।তাঁদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শুক্রবার প্রথম দফায় তাঁদের কয়েকজনকে নিয়ে আসা হবে। বিদেশমন্ত্রক জানিয়েছে, ইরাকে এই মুহূর্তে প্রায় ১০ হাজার ভারতীয় রয়েছেন। তাঁদের অধিকাংশই কুর্দিস্তান ও অন্যান্য নিরাপদ জায়গায় রয়েছেন। মসুল ও তিরকিতে প্রায় ১০০ জন ভারতীয় রয়েছেন। ইরাকে থাকা ভারতীয়দের আত্মীয়দের জন্য কন্ট্রোল রুম নম্বর চালু করেছে বিদেশমন্ত্রক।
No comments:
Post a Comment