Monday, 30 June 2014

ফের কালো টাকার নথি চাইল ভারত

কলকাতা প্রতিনিধিঃ বিদেশের ব্যাঙ্কে সঞ্চিত কালো টাকার খতিয়ান ও নামের তালিকা দেওয়ার জন্য ফের সুইস সরকারের কাছে আবেদন জানাল ভারত৷ চলতি সপ্তাহের শুরুতে সুইৎজারল্যান্ড প্রশাসন জানিয়েছিল, সুইস ব্যাঙ্কে যে সব ভারতীয়ের টাকা সঞ্চিত আছে তাঁদের নামের তালিকা ভারতের হাতে তুলে দেওয়া হবে৷ কিন্তু এখনও পর্যন্ত সেই তালিকা ভারতের হাতে তুলে দেওয়া হয়নি৷ তবে গোটা প্রক্রিয়া সুইস সরকারের নজরে রয়েছে বলে জানানো হয়েছে৷ এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে৷ বিদেশ থেকে কোটি কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে নড়েচড়ে বসেছে অর্থ মন্ত্রক৷ সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইস প্রশাসন৷ তবে অভিযুক্ত ভারতীয়দের নাম ও সঞ্চিত অর্থের পরিমাণ প্রকাশ্যে জানাতে নারাজ তারা৷ দিল্লির হাতেই যাবতীয় তথ্য তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷

শুধু বিদেশ থেকেই নয়, ভারতের বিভিন্ন রাজ্যে গোপণে লুকিয়ে রাখা উদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই তৎপর হয়েছেন। মোদী দেশের আর্থিক কেলেঙ্কারী বিষয়ক স্পেশাল অনুসন্ধানকারী দল সিটকে তদন্ত করে গুরুত্ব দিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন। ইডিও এর আগে কালো টাকা উদ্ধারে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত কোম্পানির বিরুদ্ধে নথিপত্র জমা দেওয়ার আবেদন জানিয়েছে।  

সূত্রের খবর, সিটের দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি এম বি সাহ নির্দেশ দিয়েছেন ১১ টি ডিপার্টমেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব তদন্তের সব নথি জমা দেওয়ার। এই দপ্তরগুলি হল রাজস্ব বিভাগ, রিজার্ভ ব্যাঙ্ক, ইনটেলিজেন্স ব্যুরো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, আয়কর বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স, আর্থিক গোয়েন্দা ইউনিট, পররাষ্ট্র কর বিভাগ এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। বেনামী সম্পত্তি, বিভিন্ন উপায়ে কর ফাঁকি, বিদেশে জমানো বেআইনি টাকা দ্রুত বাজেয়াপ্ত করার জন্য সমস্ত নথিপত্র তদন্ত করবে সিট। অবশ্য সব দপ্তর থেকে জানানো হয়েছে এক মাসের মধ্যেই সিটের কাছে জমা পড়বে কালো টাকার দলিল।

No comments:

Post a Comment