Saturday, 21 June 2014

রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে কাজিয়ায় বিজেপি-কংগ্রেস

কলকাতাঃ রেলের ভাড়া বাড়িয়ে বিভিন্ন মহলের সমালোচনার মুখে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শাসক দলের তরফে এর যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করা হলেও তা কানে তুলতে নারাজ বিরোধীরা। বাজেটের আগে এই ভাড়া বাড়ানোকে এক কথায় অনৈতিক ও অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে তামাম বিরোধী শিবির। কেন্দ্রের এই ‘জনবিরোধী’ পদক্ষেপের প্রতিবাদে শনিবার দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় ডান-বাম দলগুলি। পাশাপাশি অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে এদিন সরাসরি সংঘাতে জড়িয়েছে কংগ্রেস এবং বিজেপি। রেলের ভাড়া বৃদ্ধির জন্য বিগত ইউপিএ সরকারের নীতিকে দায়ী করেছে বিজেপি। বিগত কংগ্রেস সরকারই রেলে ভাড়া বাড়ার ব্যবস্থা করে গিয়েছিল বলে গৈরিক শিবিরের দাবি। বিজেপি’র এই অভিযোগ খারিজ করে দিয়েছে সোনিয়া গান্ধীর দল। কংগ্রেসের তরফে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণীষ তিওয়ারি এদিন সাংবাদিকদের বলেন, শাসক দল নিজের জনবিরোধী পদক্ষেপের দায় বিগত সরকারের ঘাড়ে চাপয়ে মুখ লুকানোর চেষ্টা করছে। ভাড়া বৃদ্ধি নিয়ে এদিন দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস কর্মীরা। প্রদেশ সভাপতি এ এস লাভলির নেতৃত্বে এদিন রাজধানী দিল্লিতে সবথেকে বড় রেল ভাড়া বৃদ্ধি বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রায় হাজারের মতো কংগ্রেস কর্মী এই কর্মসূচীতে যোগ দিয়েছিলেন। এক ধাক্কায় ১৪ শতাংশ রেলের যাত্রী ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডি(এস) সুপ্রিমো এইচ ডি দেবগৌড়া। এই সিদ্ধান্তকে জনবিরোধী ও অনৈতিক আখ্যা দিয়েছেন তিনি। একিই মত সিপিআই নেতা ডি রাজা’র। দল এর বিরুদ্ধে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছেন তিনি।
ক্ষমতায় আসার এক মাস পূর্ণ হওয়ার আগেই রেলের ভাড়া বাড়াল মোদী সরকার। যাত্রী ভাড়া বাড়ানো হয়েছে ১৪.২ শতাংশ  আর পণ্য মাশুল বেড়েছে ৬.৫ শতাংশ। রেল মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ জুন থেকে বর্ধিত হারে ভাড়া কার্যকর করা হবে। ভাড়া বৃদ্ধির ফলে দিল্লি-মুম্বই স্লিপার ক্লাসের ভাড়া ৫৫৫ রুপি থেকে বেড়ে দাঁড়াল ৬৩২ রুপি। দিল্লি-মুম্বই ফার্স্ট ক্লাস এসির ভাড়া ছিল ৪১৩৬ রুপি, তা বেড়ে দাঁড়ালো ৪৭২৩ রুপি। আগে দিল্লি-মুম্বই এসি টু টায়ারের ভাড়া ছিল ২৪৯৫,  এখন থেকে দিতে হবে ২৮৪৯ রুপি। দিল্লি-মুম্বই এসি থ্রি টায়ারের ভাড়া ছিল ১৮১৫, বেড়ে তা দাঁড়াল ২০৭৩ রুপি। কেন্দ্রীয় রেলমন্ত্রী সদানন্দ গৌড়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, রেল ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন, “ইউপিএ সরকারের আমলে অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটলে তৎকালীন বিরোধীরা জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলে হৈচৈ করতেন। কিন্তু এবার ক্ষমতায় এসে তারা উল্টোপথে হাঁটছে।” সাবেক রেলমন্ত্রী নিতিশ কুমার বলেছেন, ‘এটা সুদিন ফেরানোর মতো কোনো সিদ্ধান্ত নয়।’

No comments:

Post a Comment