দুনিয়ার কোনও ক্রিকেটারই আজ পর্যন্ত এই রেকর্ড গড়তে পারেননি, বিরলতম এই নজিরই গড়ে দেখালেন এই তারকা ক্রিকেটার। এমনটা হয়তো অার কোনওদিন হবে না।
না অতীতে হয়েছে, না ভবিষ্যতে কখনও হবে- এমনই এক রেকর্ড করে দেখালেন আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ শেহজাদ। একই দিনে দুটো পৃথক খেলায় দু-দু'বার অর্ধশতরান করার নজির গড়লেন শেহজাদ।
আসলে আইসিসি-র অ্যাফিলিয়েটেড ছোটো দেশগুলিকে নিয়ে ডেজার্ট টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছিল আইসিসি। সেখানে সেমিফাইনাল ও ফাইনাল- দুটো ম্যাচই রাখা হয়েছিল একই দিনে। দুটো পৃথক খেলাতেই অর্ধশতরান করে আফগানিস্তানকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা নিলেন শেহজাদ।
টেস্টে একই দিনে দু'বার ব্যাট করার সুযোগ রয়েছে।
তবে সেক্ষেত্রে একই খেলায় এর আগে দুই ইনিংসে ব্যাট করে অনেকেই ভাল পারফর্ম করেছেন। একদিনের ম্যাচে এই সুযোগ নেই। বাকি পড়ে থাকে টি২০। আয়োজকদের বদান্যতায় একই দিনে দু'বার ব্যাট করার সুযোগ পেয়েছিলেন শেহজাদ। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগালেন তিনি।
স্থানীয় সময় সকাল দশটায় শুরু হওয়া সেমিফাইনালে প্রথমে ওমানকে হারানো ম্যাচে ৬০ বলে মারকুটে ৮০ রান করে যান তিনি। এর পর সন্ধ্যায় ফাইনালে স্কটল্যান্ডের বিরুদ্ধে এমন নজির গড়াটা প্রাথমিকভাবে সহজ ছিল না তাঁর কাছে। কারণ, স্কটিশ ক্রিকেটাররা অলআউটই হয়ে গিয়েছিলেন মাত্র ৭১ রানে। তবে শেহজাদ দমেননি। ওপেনিং স্লটে ব্যাট করতে নেমে ৪০ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলে অষ্টম ওভারেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
আফগানিস্তান হয়তো বিশ্বক্রিকেটে নাবালক। তবে শেহজাদের কীর্তি যে ক্রিকেটের ইতিহাসে অমলিন হয়ে থাকবে, তাতে কোনও সন্দেহ নেই।


No comments:
Post a Comment