Friday, 19 June 2015


রোজভ্যালি চিটফান্ড
নতুন ১৮৫ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পেল ইডি

কলকাতা সংবাদদাতা: রোজভ্যালির আরও ১৮৫টি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেল ইডি। সূত্রের দাবি, তাতে গচ্ছিত রয়েছে কমপক্ষে ৬০ কোটি টাকা। তবে কি বিপুল অঙ্কের এই টাকা নজরের আড়ালে রাখতেই, গোপন রাখা হয় অ্যাকাউন্টগুলি? তদন্তে ইডি।
একদিকে যখন সারদা তদন্তে নয়া সূত্রের অপেক্ষায় সিবিআই, তখন রোজভ্যালির বিরুদ্ধে নতুন অস্ত্র পেল, আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, তদন্তে নেমে গৌতম কুণ্ডুর সংস্থার আরও ১৮৫টি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে তারা। যাতে কমপক্ষে ৬০ কোটি টাকা গচ্ছিত রয়েছে।
এই পরিস্থিতিতে ওই অ্যাকাউন্টগুলির লেনদেন অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে চিঠি দিয়েছে ইডি। সূত্রের খবর, খুব তাড়াতাড়িই ওই টাকার দখল নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, তদন্তে ইডির হাতে উঠে আসা এই তথ্য জন্ম দিয়েছে নয়া প্রশ্নের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রোজভ্যালি তাদের ব্যবসা সংক্রান্ত যে সমস্ত নথি ইডিকে দিয়েছিল, তাতে বলা হয়, তাদের মোট ২ হাজার ৮০৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। যাতে ২৯৫ কোটি টাকা রয়েছে।
পরবর্তীকালে যে অ্যাকাউন্টগুলির লেনদেন বন্ধ করিয়ে দেয় ইডি। টাকাও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে। ইডির দাবি, ইতিমধ্যেই ১২৫ কোটি টাকা তাদের হাতে এসে গিয়েছে। কিছুদিনের মধ্যেই যা তারা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের হাতে তুলে দেবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, আগামী এক মাসের মধ্যে বাকি টাকাও বাজেয়াপ্ত হয়ে যাবে। এই পরিস্থিতিতেই রোজভ্যালির আরও ১৮৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল ইডি। কেন্দ্রীয় তদন্তকারীদের প্রশ্ন, তবে কি এই সমস্ত টাকা যাতে তাদের নজরে না আসে, সেই কারণেই গোপন রাখা হয়েছিল অ্যাকাউন্টগুলি? তবে কি এমন আরও অ্যাকাউন্ট রয়েছে, সেখানে লুকিয়ে রাখা হয়েছে কোটি কোটি টাকা? তদন্তে গোয়েন্দারা।

No comments:

Post a Comment