Wednesday, 17 June 2015

পরিবার ধ্বংস করে দিয়েছেন কেজরিবাল,
অভিযোগ আপ নেতার স্ত্রীর
নয়াদিল্লি সংবাদদাতাঃ ফের নয়া বিড়ম্বনা দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) নেতা অরবিন্দ কেজরিবালের। প্রাক্তন আইনমন্ত্রী সোমনাথ ভারতীর বিরুদ্ধে তাঁর স্ত্রীর নির্যাতনের অভিযোগ সংক্রান্ত বিতর্কের মধ্যেই নতুন করে কেজরিবালের অস্বস্তি বাড়ালেন আপের সোশ্যাল মিডিয়া প্রধান অঙ্কিত লালের স্ত্রী প্রেরণা প্রসাদ। তিনি কেজরিবালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।তাঁর অভিযোগ, কেজরিবাল তাঁদের পরিবারকে ধ্বংস করে দিয়েছেন।
প্রেরণার অভিযোগ, তিনি যাতে সব সত্য কথা সবাইকে জানাতে না পারেন সেজন্য তাঁর স্বামী তাঁকে ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে বাধ্য করেছেন। আর এই কাজে তাঁর স্বামী অঙ্কিতকে প্ররোচিত করেছেন কেজরিবাল।
ফেসবুকের মাধ্যমেই এই অভিযোগ করেছেন প্রেরণা। তিনি বলেছেন, কীভাবে দল চালাতে হয়, সেই পরামর্শ কেজরিবালকে দেওয়ার মতো ক্ষমতা তাঁর নেই। কিন্তু সংগ্রামের সময় যাঁরা তাঁর পাশে ছিলেন তাঁদেরকে মর্যাদা দেওয়া উচিত কেজরিবালের।
ফেসবুকে একের পর এক বার্তায় প্রেরণা আরও লিখেছেন, সত্যিকারের নেতা সব ধরনের সমালোচনা সহ্য করতে পারেন এবং নিজের ঘাটতি মিটিয়ে নিতে পারেন। প্রেরণার আরও অভিযোগ, কেজরিবাল শুধু তাঁবেদারদের কথাই শুনতে পছন্দ করেন। সত্য কথা পাত্তা দেন না।
প্রেরণা লিখেছেন, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, কেজরিবাল তাঁর মতো অনেক তরুণ-তরুণীর কেরিয়ার ও পরিবারকে ধ্বংস করে দিয়েছেন।
প্রেরণার অভিযোগ, কঠিন দিনে যাঁরা পাশে ছিলেন কেজরিবাল এখন তাঁদের কথা শোনেন না। অঙ্কিত অবশ্য স্ত্রীর যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তাঁদের ব্যক্তিগত জীবনে কোনও বহিরাগতের হস্তক্ষেপ ঘটেনি। অঙ্কিতের দাবি, তাঁর স্ত্রী অসুস্থ। বর্তমানে রাজস্থানে তাঁর চিকিত্সা চলছে। প্রেরণার সঙ্গে দেখা হলেই ওইসব অভিযোগের কারণ সম্পর্কে তিনি জানতে পারবেন বলে জানিয়েছেন অঙ্কিত। ২০১২-তে অঙ্কিত ও প্রেরণার বিয়ে হয়েছিল।
 

No comments:

Post a Comment