Friday, 19 June 2015


বৌভাতের রাতেই অস্বাভাবিক মৃত্যু নববধূর

হুগলি সংবাদদাতাঃ : বৌভাতের দিনেই নববধূর অস্বাভবিক মৃত্যু৷ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার বৈদ্যবাটি চক বাগদিপাড়া এলাকায়। জানা গিয়েছে মৃতের নাম পুতুল দাস (১৯)৷ বৃহস্পতিবার গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে ওই নববধূ৷ কালনা থানার বাগনাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন পুতুল৷
সূত্রের খবর, বৈদ্যবাটির রাজু রামের সঙ্গে বিয়ে হয় পুতুলের। ১৬ জুন দুই বাড়ির সম্মতিতে তাদের দেখাশোনা হয়৷ এরপর ১৭ জুন শেওড়াফুলি কালী মন্দিরে বিয়ে হয় তাদের৷ পুতুলের দিদি, জামাইবাবু রাজুর পাশের বাড়ির বাসিন্দা৷ তাই দেখাশোনার পর দিনই বিয়ে হয়ে যায় রাজু এবং পুতুলের৷ বৌভাতের দিন দুপুরবেলা খাওয়াদাওয়ার পর সবার অলক্ষ্যে ঠাকুরঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় পুতুল। এরপরই তার অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি সামনে আসে।
ওই নববধূর পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷ তদন্তের স্বার্থে পুলিশ আটক করেছে রাজুকে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

No comments:

Post a Comment