Wednesday, 17 June 2015


ভারতে নেসলের শিশু খাদ্যে পোকা, দুধে ডিটারজেন্ট

কলকাতা সংবাদদাতাঃ ভারতে নেসলের ইনস্ট্যান্ট নুডলসে মনো-সোডিয়াম গ্লুটামেট ও সীসা পাওয়ার পর এবার নেসলের শিশু খাদ্য কেয়ার‌ল্যাকে জীবন্ত পোকা পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।
অপরদিকে, ভারতের মাদার ডেইরি নামক একটি কোম্পানির সরবরাহকৃত দুধে ডিটারজেন্ট (সাবানের উপাদান) পাওয়া গেছে। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর দিয়েছে। তামিলনাড়ু রাজ্যের কয়েমবাটোরে এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, এস শ্রীরাম নামের এক আইটি বিশেষজ্ঞ রবিবার তার এক বছরের ছেলের জন্য নেসলের এক প্যাকেট কেয়ারল্যাক কেনেন। পরদিন সোমবার তার স্ত্রী প্যাকেটটি খুললে তাতে জীবন্ত পোকা পাওয়া যায়। শ্রীরাম বলেন, ‘আমরা বারবার পরীক্ষা করে দেখেছি, প্যাকেটটির মেয়াদ উত্তীর্ণের তারিখ ফেব্রুয়ারি ২০১৬।’
বিষয়টি নিয়ে তিনি মঙ্গলবার সকালে দেশটির ফুড সেফটি বিভাগে অভিযোগ করেন। এরপর তা পরীক্ষার জন্য সরকারি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ফুড সেফটি বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘পোকাটি দেখতে গোবরে পোকার মতো, যা সাধারণত গমে থাকে।’
এর কয়েক সপ্তাহ আগে একই স্থানে নেসলের ন্যানপ্রো-৩ নামক মিল্ক পাউডারে জীবন্ত শুককীট ও পোকা পাওয়া যায়।
অন্যদিকে, ইন্ডিয়া টুডে বলেছে, মাদার ডেইরি নামক একটি কোম্পানি বাজারজাতকৃত দুধের দুটি প্যাকেট পরীক্ষা করে তা নিম্নমানের বলে প্রমাণ পাওয়া গেছে। একটি প্যাকেটে ডিটারজেন্ট থাকারও প্রমাণ পাওয়া গেছে।
ভারতের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের কর্মকর্তা রাম নরেশ যাদব জানান, গত বছরের নভেম্বর মাসে আগ্রা শহর থেকে ৭০ কিলোমিটার দূরের বাহ তেহসিল থেকে দুটি প্যাকেট সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এরপর লাখনৌ ল্যাবরেটরিতে পরীক্ষা করে দুটিই নিম্নমানের বলে প্রমাণ মেলে।
পরে কোম্পানির পক্ষ থেকে বিষয়টি চ্যালেঞ্জ করা হয় এবং নমুনাটি তারা কলকাতা ল্যাবে পাঠানোর দাবি করে। কোম্পানির দাবি অনুযায়ী তা কলকাতা ল্যাবে পাঠানো হয় এবং দুটি প্যাকেটই নিম্নমানের বলে প্রমাণিত তো হয়ই সেইসঙ্গে একটি প্যাকেটে ডিটারজেন্টের উপস্থিতির প্রমাণ মেলে বলে জাননা যাদব।

 

No comments:

Post a Comment