Wednesday, 17 June 2015


কালো টাকার কারবারী ললিত মোদীকে বাঁচাতে
  সচেষ্ট হয়েছে প্রধানমন্ত্রী: রাহুল গাঁধী

নয়াদিল্লি সংবাদদাতাঃ ললিত মোদি বিতর্কে আরও আক্রমণাত্মক কংগ্রেস। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। এদিন রাহুল বলেছেন, যিনি কালো টাকা দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিই এথন কালো টাকার কারবারীকে বাঁচাতে ঝাপিয়ে পড়েছেন। এই ইস্যুতে রাহুল তাঁর আক্রমণের নিশানা করছেন মোদীকেই। ছত্তিশগঢ়ে এক পদযাত্রার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেছেন, ললিত মোদী কালো টাকার কারবারী। সেই ললিত মোদীকেই বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে কংগ্রেস সহ সভাপতি গত লোকসভা নির্বাচনের প্রচারের সময় মোদীর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। রাহুল বলেছেন, মোদী কালো টাকা ফিরিয়ে এনে দেশের প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ক্ষমতায় বসে যখন তাঁর ওই প্রতিশ্রুতি পালনের কথা তখন তিনি এক কালো টাকার কারবারীর পাশে দাঁড়িয়েছেন। এক মোদীকে রক্ষা করতে আসরে নেমেছেন মোদীজী। ললিত মোদীকে ঘিরে বিতর্কে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ভূমিকা সম্পর্কে রাহুল বলেছেন, এই সরকার একজনেরই এবং তিনি নরেন্দ্র মোদী। এক্ষেত্রে স্বরাজের কোনও ভূমিকাই নেই।

এদিকে কংগ্রেস এদিন দাবি করেছে, পর্তুগালে স্ত্রীর চিকিৎসা নয়, ছুটি কাটাতে গিয়েছিলেন ললিত মোদী। বিজেপির মানবিকতার সাফাই উড়িয়ে ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছে কংগ্রেস। মোদি সরকারের বিরুদ্ধে দুর্নীতিকে প্রশ্রয়ের অভিযোগে দিল্লিতে বিক্ষোভ দেখায় কংগ্রেস।

বিপুল অঙ্কের আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদিকে সাহায্য করা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতেই সুষমা স্বরাজ দাবি করেন, ললিত মোদি তাঁর স্ত্রীর অসুস্থতার কারণে পর্তুগাল যেতে চেয়েছিলেন। তাই মানবিকতার খাতিরেই তিনি ললিত মোদিকে আন্তর্জাতিক সফরের ছাড়পত্র সংক্রান্ত নথি পেতে সাহায্য করেন। কিন্তু, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই দাবিকে একেবারে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা।তাঁদের দাবি, ললিত মোদি গিয়েছিলেন স্রেফ ছুটি কাটাতে।

মঙ্গলবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বাসভবনের সামনে বিক্ষোভও দেখান মহিলা কংগ্রেসকর্মীরা। তবে সুষমা স্বরাজের ইস্তফার দাবি জোরাল করার পাশাপাশি কংগ্রেস আক্রমণের  ক্রমশ নিশানা ঘোরাচ্ছে প্রধানমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের দিকে। সোমবারই রাহুল গাঁধী দাবি করেন ললিত মোদিকে বাঁচাচ্ছেন নরেন্দ্র মোদি। এদিনই তিনি একই দাবি করেছেন। কংগ্রেস নেতা আনন্দ শর্মাও গলাতেও শোনা গিয়েছে কার্যত এক সুর। তিনি বলেছেন, সরকারে শীর্ষ স্তর ললিত মোদীকে সাহায্য করতে উদগ্রীব ছিল।

বিরোধীদের সাঁড়াশি আক্রমণের মুখে সুষমার পাশে দাঁড়িয়েছে বিজেপি। দলের মুখপাত্র তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সুষমার পাশে দাঁড়িয়েছেন।

এর মধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুর্নীতি মামলায় অভিযুক্ত ললিত মোদিকে জরিমানার চূড়ান্ত নোটিস দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পিটিআই সূত্রে খবর। তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তদন্ত চলছে বলেও ইডি সূত্রে খবর।

No comments:

Post a Comment