Saturday, 20 June 2015

 
নিষ্ঠুরতার উৎসব !
দশ হাজার কুকুর-বিড়ালকে খাওয়া হয় জ্যান্ত ঝলসে !
বিশেষ সংবাদদাতাঃ নৃশংসতা উদযাপন করতেও আজ উৎসব পালন করে মানুষ। তার প্রমাণ চিনের Yulin Festival Dog and Cat Meat festival, পালিত হয় গুয়াংঝি প্রদেশে। উৎসবের মূল লক্ষ্য হল কুকুর এবং বিড়ালকে কী করে কত নৃশংস এবং পৈশাচিক ভাবে মারা যায়। তারপর খাওয়া হয় তাদের মাংস। চারদিকে ছড়িয়ে থাকে মৃত পশুদের দেহাংশ।
উৎসবের জন্য ধরে আনা হয় গৃহপালিত কুকুর এবং বিড়ালদের। তাদের গলায় হয়তো তখনও ঝুলতে থাকে আদরের বকলস । সেই সমেত চালান করে দেওয়া হয় খাঁচায়। রেখে দেওয়া হয় খাবার এবং পানীয় ছাড়াই।
নির্দিষ্ট দিনে নিস্তেজ পশুগুলোকে খাঁচা থেকে বের করে এনে প্রথমে টাঙিয়ে রাখা হয় হুকে। তারপর জ্যান্ত পোড়ানো হয়। অথবা সিদ্ধ করা হয় ফুটন্ত জলে। পুরোটাই জীবিত অবস্থায়। কখনও বা পেঁচিয়ে পেঁচিয়ে কাটা হয় কুকুরের গলা। তারপর জ্যান্ত অবস্থায় ছাড়ানো হয় তাদের চামড়া।
নিরীহ পশুদের এভাবে হত্যা করে তাদের মাংস খাওয়াতেই পাওয়া যায় উল্লাস ! কুকুরের মাংস জনপ্রিয় হওয়ার পরে ২০১০ সাল থেকে শুরু হয়েছে এই উৎসব। প্রতি বছর নিধন করা হয় ১০ হাজারের বেশি কুকুর-বিড়াল।। রক্তের ফোয়ারা ছড়িয়ে পড়ে থাকা দেহাংশের মধ্যেই কামড় পড়ে হতভাগ্য পশুদের ঝলসানো মাংসে। এক একটি উৎসবে মানুষের পেটে যায় কুকুর-বিড়ালের ৫ লক্ষ পাউন্ড মাংস।
সারা বিশ্বে তো বটেই। খোদ চিনের মাটিতেও সংগঠিত হয়েছে এই উৎসবের বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু তাতে কিছু এসে যায়নি। গুয়াংঝি প্রদেশে জোর কদমে শুরু হয়ে গেছে এ বছরের অনুষ্ঠানের প্রস্তুতি।
কিন্তু এই বর্বর অনুষ্ঠানের কারণ ? সূর্যের কর্কট সংক্রান্তি পালন করা। তাই প্রতি বছর জুন মাসে হাজার হাজার নিরীহ চতুষ্পদের প্রাণ যায় রসনার যূপকাষ্ঠে।
এই না হলে মানবসভ্যতা !
 

No comments:

Post a Comment