আবু সালেমকে বিয়ে করতে চেয়ে
আদালতের দ্বারস্থ মহিলা
মুম্বই সংবাদদাতাঃ ইচ্ছা কুখ্যাত গ্যাংস্টার আবু সালেমকে
বিয়ে করার। সেজন্য আদালতের দ্বারস্থ হলেন এক তরুণী।
সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, বছর ছাব্বিশের এক মহিলা
মুম্বইয়ের টাডা আদালতে আবেদন করে জানিয়েছেন, তিনি আবু
সালেমকে বিয়ে করতে চান। বৃহস্পতিবার এই কথা জানান মহিলার আইনজীবী ফারহানা শা। ১৯৯৩
সালে মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় বর্তমানে সালেম জেলে বন্দি।
এদিন আদালতে শা জানান, গত বছর সেপ্টেম্বর মাসে একটি
ট্যাবলয়েডে সালেম ও তাঁর মক্কেলের ছবি প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়, সালেম নাকি তাঁর মক্কেলকে বিয়ে করেছেন। ওই প্রতিবেদনে আরও বলা হয় যে,
পুলিশ যখন তাঁকে লখলউ নিয়ে যাচ্ছিল, তখন
ট্রেনে ওই তরুণীকে ফোনের মাধ্যমে ‘নিকাহ’ করেন সালেম।
বিষয়টি নিয়ে তুমুল শোরগোল পড়ে যায়।
মামলা চলাকালীন সালেমের এই নতুন সম্পর্কের বিষয়টি উঠলে সিবিআই টাডা আদালতে
জানিয়েছিল যে, ছবিটি
আসল নয়। যার জেরে ঠানে পুলিশকে এই ছবির তদন্ত করার নির্দেশ দেন বিচারক।
এরপরই, বিষয়টির তদন্ত শুরু করে পুলিশ। তরুণীর অতীত-বর্তমান
সম্পর্কে খোঁজখবর করেছিল পুলিশ। এদিন আইনজীবী মারফৎ ওই তরুণী আদালতকে জানান,
পুলিশি তদন্তের ফলে সালেমের সঙ্গে তাঁর পরিচিতি বা সম্পর্কের কথা
জানাজানি হয়ে যায়। যার জেরে তাঁর ভাবমূর্তি নষ্ট এবং সম্মানহানি হয়েছে। এখন কেউ
তাঁকে বিয়ে করতে চাইছেন না। মহিলা এ-ও জানান, সালেমের সঙ্গে
তাঁর বিয়ে হয়নি। তবে তিনি বিয়ে করতে চান সালেমকে।
এদিকে, এই সম্পর্কের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন
সালেম।
No comments:
Post a Comment