Sunday, 21 June 2015


মোদীর যোগ-তত্ত্বে ‘বিয়োগ’ রাজ্য সরকারের
কলকাতা সংবাদদাতাঃ আন্তর্জাতিক যোগ দিবসে, প্রধানমন্ত্রী-সহ গোটা দেশ যখন ব্যস্ত যোগ-সাধনায়, রাজ্য সরকার তখন দায় সারল সেমিনার করেই! দেশের অন্যান্য প্রান্তে যেখানে সবার অংশগ্রহণে উদযাপিত হল যোগ দিবস, যেখানে এ রাজ্যে সম্পূর্ণ উল্টো ছবি! রবিবার নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারের আয়ুষ দফতরের উদ্যোগে আয়োজিত যোগ সেমিনার অ্যান্ড প্র্যাক্টিসেস-এর অনুষ্ঠানে, পালা করে মঞ্চে উঠে যোগব্যায়াম দেখালেন কয়েকজন, আর দর্শকাসনে বসে বাকিরা তা দেখে গেলেন। তারপর আবার যোগ নিয়ে রীতিমতো আলোচনাও হল। সবই হল, শুধুমাত্র সম্মিলিতভাবে যোগচর্চাই হল না। দেখা মিলল না কোনও মন্ত্রীরও। শুধু তাই নয়! দিনটা আন্তর্জাতিক যোগ দিবস। অনুষ্ঠানও যোগব্যায়াম নিয়ে। অথচ উদ্যোক্তাদের দাবি, এর সঙ্গে নাকি আন্তর্জাতিক যোগ দিবসের কোনও সম্পর্কই নেই! অনুষ্ঠানমঞ্চে কোথাও দেখা মিলল না ‘আন্তর্জাতিক যোগ দিবস’ লেখা ব্যানারেরও। তাহলে যোগ নিয়ে অনুষ্ঠানের জন্য এই দিনটাকেই বা বেছে নেওয়া হল কেন? অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগ অ্যান্ড নেচারোপ্যাথি-র সভাপতি তুষার শীল বলেন, আজ সূর্য বেশিক্ষণ থাকবে। তাই আজ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে যেখানে সমস্ত রাজ্য সামিল হল যোগ-উত্সবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কেন এই ছবি? তবে কি সম্প্রতি সরকারি অনুষ্ঠানে একমঞ্চে উপস্থিত হওয়া, একসঙ্গে বাংলাদেশ সফর, তারপর সুষমা ইস্যুতেও চুপ থাকা...এসব ঘিরে মমতার-মোদীর কাছাকাছি যাওয়ার যে জল্পনা তৈরি হয়েছে, তা আর বাড়তে না দিতেই যোগ দিবসে এই দূরত্ব তৈরির চেষ্টা?  তাই কি অনুষ্ঠান হল, কিন্তু সাড়ম্বরে হল না, সরকারি সচিবরা রইলেন, কিন্তু মন্ত্রীরা গরহাজির থাকলেন? রাজনৈতিক মহলে এই প্রশ্নের মধ্যেই অনেকে কটাক্ষ করে বলছেন, এ যেন ধরি মাছ, না ছুঁই পানি।একসময় মোদীর স্বচ্ছভারত অভিযানও পালন করত না যে রাজ্য সরকার, সেই নমো নমো করে হলেও যোগ সাধনা করছে, এও বা কম কী!

 

No comments:

Post a Comment