বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে কাবু করতে মাঠে নামছে আপ
বিহার সংবাদদাতাঃ ভারতের বিহার রাজ্যে আসন্ন বিধানসভা
নির্বাচনে বিজেপিকে কাবু করতে মাঠে নামছে দিল্লির আম আদমি পার্টি। তারা এখানে
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও বিজেপি’র বিরুদ্ধে প্রচার অভিযান চালাবে।
এমনকি প্রয়োজন হলে আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী
প্রচার যুদ্ধে শামিল হতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র আপ নেতা বলেন, ‘আমরা প্রথমেই স্পষ্ট
করে দিয়েছি, বিহারে নির্বাচনে লড়াই করব না, কিন্তু আমরা অবশ্যই বিজেপি’র বিরুদ্ধে প্রচার করব। আমরা সবাইকে জানাব
কিভাবে দিল্লি সরকারের কাজকর্মে নরেন্দ্র মোদি সরকার বাধা দিচ্ছে এবং কাজ করতে
দিচ্ছে না।’আপ নেতা বলেন, ‘কেন্দ্র এবং দিল্লি সরকারের
মধ্যে চলমান বিবাদ যদি বন্ধ না হয়, তাহলে অরবিন্দ
কেজরিওয়াল বিজেপি এবং নরেন্দ্র মোদির বিরুদ্ধে ব্যাপক প্রচার অভিযান চালাতে পারেন।
আমাদের দলের নেতা এবং কর্মীদেরও এই প্রচারে সামিল করা হবে।’তিনি বলেন, ‘রাজ্যে আপের ভিত মজবুত না হলেও বিজেপির কিছু প্রার্থীর জন্য অবশ্যই
সমস্যা সৃষ্টি হতে পারে। আমরা ৩/৪ শতাংশ নির্বাচকদের প্রভাবিত করার ক্ষমতা রাখি।
এতে মোদির নামে নির্বাচনে লড়া বিজেপির সম্ভাব্য ক্ষতি হতে পারে।’দিল্লিতে লজ্জাজনক
পরাজয়ের পর এবার বিহারে অগ্নিপরীক্ষা বিজেপির। বিহারেও যদি তারা না জিততে পারে
তাহলে গেরুয়া রঙ আরো ফিকে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আগামী
সেপ্টেম্বর-অক্টোবরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কেজরিওয়ালের সহযোগী দল জেডিইউ'র সঙ্গে ভালো বোঝাপড়া
রয়েছে। গত লোকসভা নির্বাচনের সময় জেডিইউ প্রেসিডেন্ট শারদ যাদব বারানসি কেন্দ্রে
কেজরিওয়ালের জন্য প্রচারেও গিয়েছিলেন। এমনিতেই জেডিইউ, আরজেডি,
কংগ্রেস এবং এনসিপি'র মধ্যে জোট হওয়ায়
বেকায়দায় পড়েছে বিজেপি। কারণ এক্ষেত্রে বিভিন্ন দলের মধ্যে ভোট ভাগ হওয়ার সম্ভাবনা
থাকছে না। অধিকন্তু কেজরিওয়ালের আম আদমি পার্টি বিজেপি’র বিরুদ্ধে প্রচার অভিযান
চালানোর ঘোষণা দেয়ায় বিজেপির বিপদ আরো বাড়ল বলে বিশ্লেষকরা মনে করছেন।
No comments:
Post a Comment