Tuesday, 23 June 2015

ধর্ষণের মামলা তুলতে নিগৃহীতাকে অপহরণের অভিযোগ,
 অভিযুক্ত গ্রেফতার জামাইবাবু
কলকাতা সংবাদদাতাঃ নিজের জামাইবাবুর হাতে দীর্ঘদিন ধরে নিগৃহীত হয়েছিলেন, ধর্ষিত হয়েছিলেন সেই মেয়ে। শেষ পর্যন্ত এন্টালি থানার পুলিশের হস্তক্ষেপে জামাইবাবু ও তার দুই সঙ্গী গ্রেফতার হয় গত পয়লা মে। জেলবন্দি অবস্থাতেই সেই জামাইবাবু তার ঘনিষ্ঠদের মারফত নিগৃহীতা শালিকে অপহরণের পরিকল্পনা করে। চাঞ্চল্যকরভাবে এন্টালি থানা এলাকারই ছাতুবাবুর বাজার এলাকা থেকে সোমবার দুপুরে ওই নিগৃহীতা তরুনীকে চার দুষ্কৃতী একটি গাড়িতে করে আচমকাই তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
শুধু তাই নয়, গাড়ির মধ্যে ওই তরুনীর অশ্লীল ছবি তোলে অপহরণকারীরা। তারপর তাঁকে হাওড়া স্টেশনের সামনে গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে পালায় দুষ্কৃতীরা। সেখানেই হাওড়া জিআরপি-র এক কনস্টেবল অসহায় তরুণীকে দেখতে পেয়ে উদ্ধার করে রেল পুলিশ থানায় নিয়ে যান। সেখানেই নিগৃহীতা সমস্ত ঘটনার বিবরণ দেন। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু করে রেল পুলিশ। তারপরেই খবর পায় এন্টালি থানা। তরুণী পুলিশকে জানিয়েছেন, বার বার তাঁকে ওই দুষ্কৃতীরা হুমকি দিয়েছে, আগামী ২৪ জুন আদালতে গিয়ে সাক্ষ্য না দিতে। প্রসঙ্গত, পুলিশ সূত্রে খবর, জেলবন্দি জামাইবাবু সওকত শেখ-এর জামিনের আবেদনের শুনানি রয়েছে আগামী ২৪ জুন শিয়ালদার অতিরিক্ত জেলা বিচারক-এর আদালতে। সেখানে তরুণী সাক্ষ্য দিতে গেলে জামিন নাকচ হয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে বলেই তরুণীর উপর চাপ সৃষ্টি করতে, তাঁকে ব্ল্যাকমেলের ভয় দেখাতেই এই অপহরণ জামাইবাবুর ঘনিষ্ঠরাই ঘটিয়েছে বলে পুলিশের অনুমান।

No comments:

Post a Comment