গেইলের মতো এবার ধোনিও বিতর্কে জড়িয়ে পড়লেন।তফাত একটাই, বিগ ব্যাশ ম্যাচের পর গেইল, সঞ্চালিকা মেগ ম্যাকলালিনের সঙ্গে ফ্লার্ট করেছিলেন। অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে এসে মহেন্দ্র সিংহ ধোনি প্রেমের প্রস্তাব পেলেন মহিলা সাংবাদিকের কাছ থেকে।
ঘটনাটি অবশ্য এখনকার নয়। বেশ কয়েকমাস পুরনো। তবে সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। নিজের বায়োপিক 'এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি' মুক্তির আগে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে গোটা দেশ, এমনকী বিদেশেও প্রচারে গিয়েছিলেন ধোনি।
তেমনই এক সাংবাদিক সম্মেলন চলাকালীন এক মহিলা সাংবাদিক প্রেমের প্রস্তাব দিয়ে বসেন ধোনিকে।
প্রথমে পিছনের সারি থেকে সংশ্লিষ্ট সাংবাদিক ধোনিকে 'স্যার' বলে সম্বোধন করতে থাকেন। সামনের সাংবাদিকদের কাছে বাধাপ্রাপ্ত হয়ে তিনি মরিয়া হয়ে ওঠেন।
অনেক চেষ্টার পরে তিনি নিজের মনের কথা প্রথমেই বলে দেন, 'স্যার আই লভ ইউ।' বেশ কয়েকবার থেমে থেমে লজ্জিতভাবে 'আই লভ ইউ' বলার পর বলেন, 'সত্যি কথা বলতে, তোমাকে প্রত্যেকেই ভালোবাসে। দেশের জন্য তুমি যা করেছ, সেটা ভোলার নয়।'
এতে যথেষ্টই বিব্রত হয়ে পড়েন 'ক্যাপ্টেন কুল'। রীতিমতো ব্লাশ করতে দেখা যায় তাঁকে। গোটা ঘরের সাংবাদিকদের সঙ্গে ধোনির পাশে বসা সুশান্ত সিংহ রাজপুতও হাসিতে ফেটে পড়েন।

No comments:
Post a Comment