উপরে উপরে পতঞ্জলির সামগ্রী। আর তার আড়ালে মারাত্মক ব্যবসা। চার জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশ।
লরি করে যাচ্ছিল পতঞ্জলির বিভিন্ন সামগ্রী। কিন্তু তার আড়ালে কী রয়েছে? গোপন সূত্রে খবর পেয়ে একটি ট্রাক থেকে প্রায় ২৬ হাজার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করার পাশাপাশি ৪ জনকে গ্রেফতার করল উত্তর দিনাজপুরের করনদিঘি থানার পুলিশ। এত পরিমাণে এই নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। পুলিশের সন্দেহ, এগুলিকে চোরাপথে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিমাচল প্রদেশ থেকে অসমে যাওয়ার চালান ছিল ট্রাক ড্রাইভারের কাছে।
কিন্তু অসমের পথে না গিয়ে বিহারের পূর্ণিয়া মোড় দিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ট্রাকটি ফরাক্কার উদ্দেশে রওনা দেয়। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে করনদিঘী থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ওই ট্রাকটিকে আটকায় পুলিশ। তল্লাশি করে প্রায় ২৬ হাজার নিষিদ্ধ কাফ সিরাপের শিশি উদ্ধার করে পুলিশ। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। পতঞ্জলি ব্র্যান্ডের বিভিন্ন জিনিসের তলায় এই নিষিদ্ধ ওষুধগুলি লুকিয়ে রাখা ছিল। এই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এরা প্রত্যেকেই উত্তর প্রদেশের বাসিন্দা। তদন্তের স্বার্থে তাদের নামপরিচয় জানাতে চায়নি পুলিশ।
পুলিশের অনুমান, বাংলাদেশে পাচার করা হচ্ছিল এই নিষিদ্ধ কাফ সিরাপগুলি। বাংলাদেশে এই নিষিদ্ধ ওষুধ নেশার কাজে ব্যবহার করা হয় এবং সেখানে তার চাহিদাও বিপুল।


No comments:
Post a Comment