সম্প্রতি কিডনি জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় অভিনেতা দিলীপ কুমার। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ছাড়া পাওয়ার পর সাধারণ কামরায় আনা হয়েছে তাকে। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন দিলীপ কুমার। দীর্ঘ অভিনয় জীবনে ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অর শ্যাম’ সহ অগণিত সাড়াজাগানো সিনেমায় অভিনয় করেন তিনি। কদিন আগেই এ তারকার মৃত্যুর ভূয়া খবর প্রকাশিত হয়েছিলো। এর জবাবে টুইটারে নতুন পোশাক গায়ে স্ত্রী সায়রা বানুর তোলা একটি ছবি প্রকাশ করেছিলেন ৯৪ বছর বয়সী এ অভিনেতা।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে হাসপাতাল কতৃপক্ষ জানায়, “পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে আনা হয়। এ সময় তার অবস্থা বেশ গুরুতর হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয় তাকে। পরে শারিরীক অবস্থা ভালো হলে তাকে সাধারণ কামরায় আনা হয়।”
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাতকারে দিলীপ কুমারের চিকিৎসক দলের এক সদস্য বলেন, “তার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় কিডনির কার্যক্রম ব্যহত হয়েছে। ফলে পানিশূন্যতা সহ অনান্য শারীরিক জটিলতা দেখা দিয়েছে। ক্রিয়েটিনিনের মাত্রা কমানোর জন্য ওষুধ দেয়া হচ্ছে তাকে।”
সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ সিনেমায় অভিনয় করেন দিলীপ কুমার। ১৯৯৪ সালে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত করা হয় তাকে। ২০১৫ সালে ‘পদ্মভূষণ’ খেতাব লাভ করেন তিনি।

No comments:
Post a Comment